প্রিন্ট এর তারিখঃ Aug 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
আনোয়ারায় গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও এলাকায় গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভুক্তভোগী রাশেদুল আলম (২৮) আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গতরাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টা ৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরের দল উত্তর হাজীগাঁও এলাকায় অবস্থিত তার গোয়ালঘরে প্রবেশ করে চারটি গরু চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে দুটি পূর্ণবয়স্ক দেশীয় গাভী, একটি ষাঁড় গরু এবং একটি দেশীয় জাতের বকনা বাছুর। অভিযোগে এসব গরুর মোট আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
ভুক্তভোগী জানান, তিনি কৃষিকাজ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। চুরির ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান না পাওয়ায় তিনি থানায় অভিযোগ করেন এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে গরুগুলো উদ্ধারের দাবি জানান।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট